নিজস্ব প্রতিবেদক, ভালুকা প্রতিদিন:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় হবিরবাড়ী ইউনিয়ন ডুবালিয়া পাড়া এলাকায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে দিপু চন্দ্র দাশ (৩০) নামে এক যুবক বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নিহত হয়েছেন। নিহতের মরদেহে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ডুবালিয়াপাড়া সংলগ্ন পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় বিষয়টি দ্রুত কারখানা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
রবি চন্দ্র দাশের ছেলে নিহত দিপু চন্দ্র দাস স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ডুবালিয়াপাড়া পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় শ্রমিক ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়।
মৃত্যুর পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। উত্তেজিত জনতা মরদেহটি স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দিতে মরদেহে আঘাত করা হয় এবং পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে সেখানে আবারও আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন বলেন, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাষ্টারবাড়ী এলাকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)- কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।

