১. সকলেই অবগত আছেন যে, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন জাতিকে উপহার দেয়ার লক্ষ্যে সম্প্রতি পুরো প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়। এরই ধারাবাহিকতায় গত পহেলা ডিসেম্বর ভালুকা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করি। অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম মূল অগ্রাধিকার পাবে। তবে নির্বাচনী কার্যক্রমের পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রম একইভাবে চলমান থাকবে ইনশাআল্লাহ।
২. উপজেলায় আগমনের পরে সরাসরি, মোবাইলে, সকল মিডিয়ায় এবং ফেইসবুক পেইজে সকলে যেভাবে আন্তরিকতার সাথে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। সকলের সাথে পরিচিত হতে বিভিন্ন পরিচিতিমূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ সময় কিছু কিছু ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে যে, যা বলা হয়নি বা করা হয়নি তেমনই কিছু বক্তব্য সংযুক্ত করে প্রকাশিত হয়েছে। আমি সকলকে আরো একটু দায়িত্বশীল হতে অনুরোধ করছি। যদি সম্ভব হয় তবে প্রকৃত বক্তব্য বা ঘটনা হুবুহু উল্লেখ করবেন, প্রদত্ত বক্তব্য বা ঘটনার সাথে মিল রেখে নিজের মতামত প্রদান করা থেকে বিরত থাকবেন। এতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। আর প্রকৃত এবং নির্ভরযোগ্য তথ্য পেতে উপজেলা প্রশাসনের ওয়েবসাইট বা ফেইসবুক পেইজে দৃষ্টি রাখতে সকলকে বিনীত অনুরোধ করছি।
৩. যোগদানের পরে অনেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের সকলের প্রতিই আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তবে কিছু কিছু ক্ষেত্রে ফুলের সাথে বিভিন্ন উপহার দেয়ার চেষ্টা করা হয়েছে এবং আমার অবর্তমানে ইউএনও এর বাংলোতে এসে কেক, ফল-মূল ইত্যাদি দেয়া হয়েছে। তাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে, সরকার হতে যে সুযোগ-সুবিধা দেয়া হয় তা আমার জন্য যথেষ্ট, ব্যক্তিগত পর্যায়ে বাড়তি কিছুর প্রয়োজন নেই। সকলের জ্ঞাতার্থে জানাতে চাই যে, আমি সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কারো সাথে ব্যক্তিগত কোন সম্পর্ক নেই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে না। সুতরাং কোন প্রয়োজন হলে বা সহযোগিতার দরকার হলে তা অফিস পর্যন্ত সীমাবদ্ধ রাখাই শ্রেয়। আরেকটি বিষয় পরিষ্কার করতে চাই যে, আমাকে খুশি করার এমন প্রচেষ্টা উপকারে না এসে বিপরীতও হতে পারে।
৪. আইনের চোখে সবাই সমান – আমরা এই নীতিতে বিশ্বাসী এবং বাস্তবায়নে বদ্ধ পরিকর থাকবো। একইভাবে আমরা কোন নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য দায়িত্বপ্রাপ্ত নই। আমি ভালুকার প্রতিটি নাগরিকের ইউএনও। সকলের প্রতিই আমার দায়িত্ব-কর্তব্য সমানভাবে থাকবে এবং সকলেরই সমানভাবে আমাদের কাছে এসে বক্তব্য দেয়ার সুযোগ থাকবে, যদি তার উল্লেখ করার মতো কোন নাম-পরিচয় নাও থাকে বা ঊর্ধ্বতন কাউকে দিয়ে সুপারিশ করার মতো কেউ নাও থাকে তারপরও তার বক্তব্য আমলে নিতে আমি বাধ্য। নিয়মের মধ্যে থেকে যদি কারো জন্য কিছু করার সুযোগ থাকে তবে কোন তদবির – সুপারিশ ছাড়াই সেই ব্যক্তি আবশ্যিকভাবে সহযোগিতা পাবে।
৫. ভালুকাতে যোগাযোগ এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহণের সুযোগ রয়েছে। তবে সময় ও সম্পদের সীমাবদ্ধতার কারণে একই সাথে সকল রাস্তা বা বিদ্যালয়ের উন্নয়ন করা কষ্টকর। এ কারণে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প আকারে বাস্তবায়ন করা যৌক্তিক। বর্তমান প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনকে মাথায় রেখে আমরা দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চাই:
ক) যে যে প্রতিষ্ঠান / শিক্ষা প্রতিষ্ঠান ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত হবে সেগুলোর অবকাঠামোগত উন্নয়ন;
খ) ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তার সমস্যা থাকলে সেগুলোর উন্নয়ন।
এক্ষেত্রে সকলকে অনুরোধ করতে চাই যে, আপনার জানামতে এমন কোন সংস্কারযোগ্য ভোটকেন্দ্র কিংবা ভোট কেন্দ্রে যাতায়াতের রাস্তা থেকে থাকলে ইউনিয়নের নাম, ওয়ার্ড নম্বর উল্লেখ করে একেবারে নির্দিষ্ট করে এখানে মন্তব্য আকারে জানাবেন। পরবর্তীতে সরেজমিনে যাচাই করে আমরা উপযুক্ত পদক্ষেপ নেয়ার চেষ্টা করবো।
৬. যোগাযোগ বা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি আরো বেশ কিছু বিষয় নিয়ে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। যেমন: সকল ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান; শিক্ষার মান উন্নয়ন; স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা; মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা সৃষ্টি; শিল্পকলা একাডেমি; পাবলিক লাইব্রেরি; ডিবেটিং ক্লাব; ক্রীড়া সংস্থার উন্নয়ন; শিল্প কারখানায় ভালুকার জনগণের অন্তর্ভুক্তি; শিল্প বর্জ্য ব্যবস্থাপনা; চাঁদাবাজ ও যানজট মুক্ত পরিবহন সেক্টর; ঝঞ্ঝাটমুক্ত হাট-বাজার; পৌর সেবা বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার সার্বিক মান উন্নয়ন ইত্যাদি। পর্যায়ক্রমে সকল ক্ষেত্রেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
৭. জনগণকে বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে। নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলে দ্রুততম সময়ে যথা নিয়মে সেবা পাওয়া সম্ভব। সে কারণে সকলকে চাহিত সেবা অনুযায়ী নির্দিষ্ট দপ্তরে আবেদন দেয়ার জন্য অনুরোধ করছি। তথাপি যদি কাঙ্ক্ষিত সেবা পেতে অযথা হয়রানি হতে হয় তবে আমাদের অবহিত করা হলে আবশ্যিকভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করবো।
৮. আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তাই যে সকল ক্ষেত্রে ব্যক্তি পরিসরেও ভূমিকা রাখার সুযোগ রয়েছে, সে সকল ক্ষেত্রে যে কেউ বুদ্ধি – পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন, কোথাও কোন অন্যায় বা অপরাধ হলে সাথে সাথে প্রতিবাদ করতে পারেন বা কিছু ছোট খাটো সংস্কার কাজ নিজের উদ্যোগে করতে পারেন। সকল ক্ষেত্রে শুধু অভিযোগ না করে আমরা নিজেরাও উদ্যোগী হয়ে কিছু কার্যক্রমে অংশীদার হতে পারি। প্রশাসন সব সময় জনগণের সাথেই আছে এবং থাকবে। তবে আমাদের চেষ্টার কমতি না থাকলেও বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। তাই সহযোগিতার হাত বাড়ানোর জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।
৯. সার্বিক কার্যক্রম পরিচালনায় কোথাও ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা আমাদের অবহিত করলে আমরা অবশ্যই তা সংশোধনের চেষ্টা করবো। গঠনমূলক সমালোচনা আমাদের গৃহীত কার্যক্রমকে আরো নির্ভুল করবে। যে কোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব মর্মে আমরা বিশ্বাস করি। সুতরাং যে কোন ক্ষেত্রেই বিরূপ পরিবেশ সৃষ্টি করা থেকে বিরত থেকে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সকলকে উৎসাহিত করছি।
১০.পরিশেষে, সকল ক্ষেত্রে সাধারণ জনগণের কাছে একান্ত সহযোগিতা কামনা করছি। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধির নেতৃত্বে ভালুকার উন্নয়ন অগ্রসর হবে, এই প্রত্যাশায়—

